প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ঢাকার পত্রিকাগুলোতে কিভাবে ওই ঘটনাকে তুলে ধরে তা ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ২০০৯ সালের ১৪ অক্টোবর ওয়াশিংটনে একটি তারবার্তায় পাঠানো হয়। মর্কিন দূতাবাস থেকে ওই তার বার্তায় বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর মধ্যে 'প্রথম আলো'কে সাধারণত নিরপেক্ষ এবং মার্কিনপন্থী বলে ওয়াশিংটনকে জানিয়েছিলেন ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক। আর সম্প্রতি এ কথা প্রকাশ করেছে উইকিলিকস। মার্কিন দূতাবাসে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন ওই বার্তাটি পাঠান। বার্তাটিতে মার্কিনপন্থী পত্রিকার তালিকায় প্রথম আলো, ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্টের নাম রয়েছে বলে উল্লেখ করেছে উইকিলিকস। অপরদিকে মার্কিনবিরোধী হিসেবে নিউ এজ পত্রিকার কথা বলা হয়েছে। মার্কিন ওই কূটনীতিকের চোখে সমকাল ও জনকণ্ঠ আওয়ামী লীগ সমর্থক ও পশ্চিমাপন্থী এবং ইনকিলাব পশ্চিমাবিরোধী পত্রিকা হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া আমার দেশ ও নিউ নেশন বিএনপি সমর্থক এবং নয়া দিগন্ত জামাত-বিএনপি সমর্থক পত্রিকা বলে ওই বার্তায় বলা হয়েছে। (সূত্র: অনলাইন)
