অন্ধবিশ্বাস আর কাকে বলে! মাকে সুস্থ করার জন্য পাহাড়কে বিয়ে করতে হলো
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের এক যুবককে। সম্প্রতি ঝাড়খণ্ডের বরদি
গ্রামে রবিন নামের ওই যুবক মায়ের সুস্থতার জন্য পাহাড়কে বিয়ে করে আলোচনায়
আসেন।
জানা যায়, বরদি গ্রামের বাসিন্দা রবিন নামের ওই যুবকের মায়ের স্বাস্থ্য
ক্রমেই খারাপ হয়ে আসছিল। অনেক নামকরা চিকিৎসকের কাছে দেখিয়েও কোনো ফল পাওয়া
যায়নি। ফলে টোটকা চিকিৎসার দিকেই ঝুঁকে পড়তে হয়।
মায়ের শারিরীক অবস্থা ভালো করার জন্য এক পর্যায়ে রবিন দ্বারস্থ হন স্থানীয়
এক সাধুবাবার। বাবা অনেক ঝাড়ফুঁক দিয়ে বলেন, সে যদি বিয়ে করে তবেই নাকি
তার মায়ের শরীর ভালো হবে। তবে শর্ত হলো বিয়ে করতে হবে স্থানীয় লক্ষ্মী
পাহাড়কে।
কী আর করা, অবশেষে সাধুবাবার নির্দেশেই রবিন মায়ের শরীর ভালো করতে ধুমধাম
করে বিয়ে করেন লক্ষ্মী পাহাড়কে। নিয়মমতো পাহাড়ের চূড়ায় মালা ও সিঁদুর
পরিয়ে এ বিয়ে সম্পন্ন হয়।
এদিকে অভিনব এই বিয়ে দেখতে সেদিন কয়েক হাজার মানুষ লক্ষ্মী পাহাড়ে উপস্থিত
হয়। তবে খারাপ খবর হলো, যে মাকে সুস্থ করতে রবিন এই কাজ করেছেন, সেই মা
ছেলের বিয়ে দেখতে পাহাড়ে উঠতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙেছেন।
