৯ দিনের ছুটি

ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে নয় দিনের লম্বা ছুটির ফাঁদে পড়েছে দেশ। আজ শুক্রবার শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর। মাঝে একদিন ২৯ আগস্ট সোমবার কর্মদিবস হলেও, ওই দিনও ছুটি নিয়ে টানা নয় দিনের লম্বা ছুটি বানিয়ে নিয়েছেন অনেকে। আজ শুক্রবার জুমাতুল বিদা। একদিকে এ দিনটি সরকারি ছুটির দিন। অন্যদিকে সাপ্তাহিক ছুটি। কাল শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর রোববার শবেকদরের ছুটি। পরের দিন কর্মদিবস হলেও বেশিরভাগ চাকরিজীবী ওই দিনে ছুটি নিয়েছেন। ঈদ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ আগস্ট বুধবার। সেক্ষেত্রে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। আবার রোজা ৩০টি হলে শুক্রবারও থাকবে ঈদের ছুটি। শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন। এর পরের দিন ৩ সেপ্টেম্বর শনিবারও সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে টানা নয় দিনের ছুটি। গতকাল বৃহস্পতিবার ছিল ছুটির আগে অঘোষিত শেষ কর্মদিবস। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও ছিল লম্বা লাইন। গ্রাহকদের চাপে বিকল হয়ে যায় একটি ব্যাংকের অনলাইন নেটওয়ার্ক। অচল হয়ে পড়ে এটিএম বুথ সেবা। তাতে আরও ভোগান্তি বাড়ে। নয় দিনের ছুটি, তাই গতকাল বৃহস্পতিবারই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকে। মহাসড়কগুলোর বেহাল দশার কারণে ট্রেনেই ভিড় ছিল বেশি। বেহাল দশার কারণে আগাম সতর্কতা হিসেবে অনেকে পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কাল কাজ শেষে গৃহকর্তাও ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই পুরানা পল্টন ও কারওয়ানবাজারের রেন্ট-এ কারের (ভাড়ায়চালিত গাড়ি) অফিসগুলোতেও ছিল ভিড়। বেহাল সড়ক ও টিকিট না পেয়ে অনেকে মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারে করে ছুটেছেন গ্রামের বাড়িতে। লম্বা ছুটি নিয়ে ব্যবসায়ীরা অখুশি হলেও, বেশ উপভোগ করছেন চাকরিজীবীরা। ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে হঠাৎ পাওয়া ছুটি কাটাতে সবাই ছুটছেন নাড়ির টানে গ্রামের বাড়িতে। (সূত্র: অনলাইন)
News Pabna

নবীনতর পূর্বতন