সঞ্জয় দত্তের ৫ বছরের কারাদণ্ড

১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকায় সঞ্জয় দত্তকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এখন পর্যন্ত দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট এর আগে যে ১১ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন তাদের মধ্যে ইয়াকুব মেননের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি ১০ জনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ওই ভয়াবহ বোমা হামলায় ২৫৭ জন ব্যক্তি নিহত ও ৭১৩ জন আহত হয়। হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ২৭ কোটি রুপিরও বেশি।

এর আগে প্রাণঘাতী ওই বোমা হামলার ঘটনায় ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অন্যান্যদের এক লাখ রুপি জরিমানাসহ ১০ থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।

হালে খল চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপানো সঞ্জু বাবার বিরুদ্ধে বাস্তবেও অনেক খল আচরণের অভিযোগ রয়েছে। ২০০৭ সালের জুলাইয়ে একটি ৯-এমএম পিস্তল ও একটি একে-৫৬ অবৈধভাবে বহনের দায়ে তাকে গ্রেফতার করা হয়। ঐ ঘটনায় দোষী সাব্যস্ত করে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় রুপালি পর্দায় ‘বিনা দোষে ভিলেনদের চক্রান্তে কারাভোগ করা’ এই অভিনেতাকে। তবে উচ্চ আদালতে আপিল করে জামিন পেয়ে যান তিনি।

মুম্বাই বোমা হামলার ঘটনায় গ্রেফতারের পরও ১৬ মাস কারাভোগ করতে হয় এই ‘বেপরোয়া’ অভিনেতাকে। তবে, বেশ কয়েকবার উচ্চ আদালতে জামিন আবেদন করে এখন পর্যন্ত জামিনে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন তিনি।

বলিউড কাঁপানো তারকা অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিস দত্ত দম্পতির ছেলে সঞ্জয় ‘মুন্না ভাই এমবিবিএস’ সিরিজের জন্য ২০০৭ সালে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন।
News Pabna

নবীনতর পূর্বতন