৩০ মার্চ, ২০১৩

‘কচুরিপানা’র জন্য মালয়েশিয়া যাচ্ছেন দীপা

‘কচুরিপানা’র জন্য মালয়েশিয়া যাচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার। আগামী ২৯ মার্চ রাত ১০টার ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি।

দীপা জানিয়েছেন, রাজু সিদ্দিকের রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘কচুরিপানা’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন।


মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে দীপা খন্দকার বলেন, “নাটকটির কাজে আজ রাতে ১০টার ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করছি। সঙ্গে যাবেন অভিনেতা কল্যাণ, অভিনেত্রী অপর্ণা এবং পরিচালক লাবু।”

নাটকের গল্প সম্পর্কে দীপা বলেন, “‘কচুরিপানা’র গল্পটি পুরোপুরি বিদেশকে কেন্দ্র করে। ওখানে একটি রেস্ট হাউজের নাম কচুরিপানা। আর আমার চরিত্রটি একটু আলাদা। আমার চরিত্রের নাম টিনি। যদিও আমি পেশায় একজন ডাক্তার, তবে আমাকে নাটকে একজন গোয়েন্দা হিসেবে দেখতে পাবেন দর্শকরা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

‘কচুরিপানা’য় আরও অভিনয় করছেন মৌসুমী নাগ, শোয়েব ও রওনক হাসান।

আগামী ৫ এপ্রিল শুটিং শেষে বাংলাদেশে ফিরবেন বলে জানান দীপা।