চাকরি ছাড়ার জন্য এক অভিনব উপায়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্রিটেনের
স্ট্যানস্টেড বিমানবন্দরের এক কর্মী। তিনি নিজের পদত্যাগপত্রটি কাগজে না
লিখে একটি কেকের ওপর লিখে পাঠিয়েছেন কর্তৃপক্ষের কাছে।
ব্রিটেনের কেমব্রিজশায়ারের স্যস্টন থেকে আসা ক্রিস হলমস নামে ওই ব্যক্তি
গত সোমবার চাকরি থেকে ইস্তফা দেয়া প্রসঙ্গে তার বসকে জানান, মূলত পরিবার ও
নিজের ব্যবসায় সময় ও শক্তি পূর্ণভাবে নিয়োজিত করার জন্য তিনি এই সিদ্ধান্ত
নিয়েছেন।
কেকে লেখা ইস্তফা পত্রে তিনি জানান, সোমবার ছিল তার ৩১তম জন্মদিন। তাই
চাকরি থেকে ইস্তফা দিতে তিনি এই দিনটিকেই বেছে নিয়েছেন। গত চার বছর যাবৎ
হলমস স্ট্যানস্টেড বিমানবন্দরের ইমিগ্রেসন অফিসার হিসেবে দায়িত্ব পালন
করছিলেন।
হলমস তার কেক পদত্যাগপত্রটি বিমানবন্দর কর্তৃপক্ষকে জমা দেয়ার পর তার শ্যালক এর ছবি তুলে টুইটারে পোস্ট করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য হলমসের আহ্বানে সাড়া দিয়েছে। তারা হলমসের ইস্তফা গ্রহণ করে তার প্রতি শুভকামনা জানিয়েছে।
