সুপ্রিয় লিজা

তারেক মাহমুদ

আজ বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলো
ঠিক দেখা হলো না তোমাকে দেখলাম

একই অনুষ্ঠানে আয়োজক
যেমন তোমাকে নিমন্ত্রণ করেছিলো তেমন আমাকেও
তেমন অন্যদেরকেও

তোমার আমার বিষয়টি নিশ্চয়ই আয়োজক জানতেন না
আমিই কি জানতাম তুমি আসবে
বা তুমিই কি জানতে আমি আসবো
তাহলে কি আমাদের দুজনের কেউ যেতাম না সেখানে!

তোমার সঙ্গে আমার যে সম্পর্ক ছিলো
সেই বিচ্ছদপূর্ণ মানুষের সঙ্গে যদি দেখা হয়
তাহলে এক অন্যরকম অনুভূতি সামনে এসে দাঁড়ায়
আর কেউ যাক বা না যাক
আমাকে যেতেই হয় ফ্লাশব্যাকে
সেইসব স্মৃতিময়তা আমাকে এতোটাই আক্রান্ত করে যে
আমি তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি

তুমি বেশ আগের মতোই চপলা চঞ্চলা
তোমার সারা শরীর জুড়ে ঝলমলে পোশাক
তোমার অঙ্গের ভাঁজে ভাঁজে মাতোয়ারা সবাই
যেনো অনুষ্ঠানে আসা প্রতিটি মানুষকে
ছুঁয়ে ছুঁয়ে কথা বলা চাই তোমার

আমি শুধু দেখছি
যে হাত শুধু আমাকে ছুঁতেই হতো লজ্জাবতী
এই কি সেই হাত!

এককোণে একটি চেয়ারের উপড় বসে আছি
একটু পরেই শুরু হবে ডিনার পর্ব

হঠাৎ কি আমাকে দেখে ফেললে তুমি নাকি দেখোনি জানি না
কিন্তু তুমি যেনো হঠাৎ শান্ত হয়ে গেলে
এটা কিন্তু তোমার স্বভাব বিরুদ্ধ
তোমাকে শান্ত পুকুরের মতো একদম মানায় না
তুমি তো নদীর মতো প্রবাহমান
সুপ্রিয় লিজা চৌধুরী
বিলিয়ে যাও বিলিয়ে যাও

কিন্তু একি!
তোমার আহ্বানের চোখ দুটো হঠাৎ নিস্প্রভ মনে হলো সম্ভবত:
তুমি নিজেকে আড়াল করার জন্যে ব্যস্ত হয়ে গেলে
কিন্তু কেনো?

অনুষ্ঠানের প্রাঙ্গণ জুড়ে সুস্বাদু ডিনারের গন্ধ
দামী দামী গাড়িগুলো কুমিরের মতো শুয়ে আছে
আমি নিঃশব্দে অনুষ্ঠানস্থল ত্যাগ করলাম

কেবল নিয়ন বাতিগুলো দেখলো আমাকে

আর কেউ কি দেখেছিলো
বুকের কম্পনে, ঘন নিঃশ্বাসে, ভেজা চোখে তাকিয়েছিলো আড়াল থেকে
আমার চলে যাওয়ার দিকে?


০৩.০৫.২০০৯ সাউন্ডপিকচার, মালিবাগ।
News Pabna

নবীনতর পূর্বতন