৭ মার্চ, ২০১১

আজ ঐতিহাসিক ৭ মার্চ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন আজ। ১৯৭১ সালের এ দিনেই স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চূড়ান্ত মুক্তির ডাক দিয়েছিলেন। তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নারী-পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষ সমবেত হয়েছিলো ওই দিন। সেদিন প্রতিটি নির্যাতিত মানুষের কণ্ঠে ছিল মুক্তির দৃপ্ত শ্লোগান। আর রেসকোর্স ময়দানের সেই জনসমুদ্রে বঙ্গবন্ধু দৃপ্তকণ্ঠে ঘোষণা দিলেন বাঙালি জাতীয় মুক্তির ঐতিহাসিক সেই কথা 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে সবাইকে নির্দেশ দিলেন 'যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।'