অনলাইন নিউজ পেপার ‘শীর্ষনিউজ ডটকম’ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে এক ঘোষণা দিয়ে এর প্রকাশনা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ঘোষণায় বলা হয়, ‘অনিবার্য কারণবশত শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা আপাতত স্থগিত করা হয়েছে।’ রোববার দুপুর থেকেই প্রতিষ্ঠানটি অনলাইনে নিউজ আপলোড করা বন্ধ করে দেয়। বার্তা সম্পাদক শাহীন চৌধুরী শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। বিভিন্ন মামলায় শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক মো. একরামুল হককে গ্রেপ্তারের পর থেকেই সংবাদ মাধ্যমটির কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। শীর্ষ নিউজের সহযোগী আরো একটি প্রতিষ্ঠান 'শীর্ষ কাগজ' বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি সোমবার পত্রিকাটি প্রকাশিত হলেও পরপর গত ৩টি সংখ্যা প্রকাশিত হয়নি। উল্লেখ্য গত ৩১ জুলাই ভোরে কলাবাগান থানা পুলিশ একটি চাঁদাবাজির মামলায় বড় মগবাজারের বাসা থেকে শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হককে গ্রেপ্তার করে। (সূত্র: অনলাইন)
