২৩ মার্চ, ২০১৩

বিশ্বের ৬৩ কোটি প্রাপ্তবয়স্ক লোক যুক্তরাষ্ট্রে অভিবাসনে আগ্রহী

বিশ্বের ৬৩ কোটি প্রাপ্তবয়স্ক লোক যুক্তরাষ্ট্রে অভিবাসনে আগ্রহী। এক কোটি ভারতীয়সহ বিশ্বব্যাপী ১০ কোটির বেশি লোক স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসে আগ্রহী। যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। সর্বশেষ এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

শুক্রবার প্রকাশিত গ্যালপ জরিপে বলা হয়, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের বাসিন্দারা যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে চায়। এক কোটি ৯০ লাখ চীনা, এক কোটি ৩০ লাখ নাইজেরীয় এবং এক কোটি ভারতীয় যুক্তরাষ্ট্রে যেতে চায়। বাংলাদেশ ও ব্রাজিল থেকে যেতে চায় ৬০ লাখ করে। ইরান ও পাকিস্তানের মতো কয়েকটি জনবহুল দেশ থেকে খুব বেশি লোক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অভিবাসী হতে ইচ্ছুক নয়। পাকিস্তানিদের কাছে পছন্দের দেশ হচ্ছে সৌদি আরব ও যুক্তরাজ্য। অন্যদিকে ইরানিদের কাছে জর্দান ও লেবানন।

গ্যালপ জরিপে আরো বলা হয়, ৩৭ শতাংশ লাইবেরীয় স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে স্থানান্তরে ইচ্ছুক। সিয়েরা লিয়নের প্রতি চারজন প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে অভিবাসনে আগ্রহী। ডোমিনিকান প্রজাতন্ত্র  ও হাইতির বাসিন্দাদের কাছেও যুক্তরাষ্ট্র পছন্দের দেশ। বিশ্বের প্রাপ্তবয়স্ক লোকের ১৩ শতাংশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে পাড়ি জমানোর পক্ষপাতি। তাদের সংখ্যা প্রায় ৬৩ কোটি।