৮ জানুয়ারি, ২০১১
নিরীশ্বরবাদীদের সম্মেলন
ঈশ্বরবাদীদের সম্মেলনের কথা অহরহ শোনা গেলেও, নিরীশ্বরবাদীদের সম্মেলনের কথা শোনা যায়না। নিরীশ্বরবাদীরা হলো প্রচলিত অর্থে প্রাতিষ্ঠানিক ধর্মে যাদের বিশ্বাস নেই। বিশ্বের ১৭০টি দেশ থেকে যোগ দিতে নিরীশ্বরবাদীরা এসেছেন ভারতের কেরালা রাজ্যের ত্রিচূরে। এটি নিরীশ্বরবাদীদের অষ্টম সম্মেলন। শুক্রবার সকাল থেকে এই মহা সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের এবারের মূল আলোচ্য বিষয় 'নিরীশ্বরবাদ ও বিকল্প সংস্কৃতি'। সম্মেলনের আয়োজকদের মুখপাত্র জি বিজয়ন জানিয়েছেন, ‘এই সম্মেলনে যারা যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই মুক্ত চিন্তার মানুষ। তারা প্রাকৃতিক বিপর্যয়, বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে জিন প্রযুক্তি, পরমাণু চুল্লি, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের অবমাননার বিরুদ্ধে সোচ্চার।’ তিনি আরও জানান, ভারত ধর্মভীরুর দেশ। এদেশে এখনও ধর্মের নামে ব্যবসা চলে। দেশের বহু মানুষ দু’বেলা পেট ভরে খেতে পায় না, অনেকে গৃহহারা, বহু শিশু অপুষ্টিতে মারা যায়। তবুও ব্যাপক অর্থ ব্যয় করে ধর্মস্থান নির্মাণ করা হয়। দেশের এই মূল স্রোতের বিরুদ্ধেই এই সম্মেলন। সম্মেলন উদ্বোধন করেন ইন্টারন্যাশানাল হিউমানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়ানের সভাপতি লেভি ফ্র্যাজেল। বর্তমানে বিশ্বের মোট ২ দশমিক ৩ শতাংশ মানুষ নীরিশ্বরবাদী। এর মধ্যে ভারতসহ উপমহাদেশে বহু মানুষ আছেন যারা প্রচলিত প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন না। একটি হিসেব মতে, ভারতে প্রায় দশ কোটি মানুষ নীরিশ্বরবাদী। (সূত্র: অনলাইন)
