২২ ফেব্রুয়ারি, ২০১১

'অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’

নড়াইলবাসী লাখো দ্বীপশিখা প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ করলেন বায়ান্নোর ভাষা শহীদদের। 'অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এ বছর একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের কুড়িরডোব মাঠে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। হাজারো দর্শদের পদচারণায় মুখর হয়ে ওঠে এ মাঠটি। ঢাকা, বাগেরহাট, যশোর, ফরিদপুর, রাজবাড়ি, সাতক্ষীরা, খুলনা, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসে উপস্থিত হন এ আয়োজনে।  প্রতিবছর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়ে থাকে।  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি সংসদের আয়োজনে মোমবাতি প্রজ্বলন কার্যক্রম হয়  ১৯৯৭ সাল থেকে।  একুশ উদযাপন পর্ষদের আয়োজনে শহরের কুড়িরডোব মাঠে প্রথমে দুই হাজার মোমবাতি জ্বালিয়ে এ অনুষ্ঠান করে। তবে প্রতি বছরই বৃদ্ধি পেতে থাকে মোমবাতির সংখ্যা। এর সাথে যোগ হয় মাটির তৈরি প্রদীপ। গত বছর ৫০ হাজারের বেশি প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। এর সংখ্যা এ বছর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে লাখে। (সূত্র: অনলাইন)