২ মার্চ, ২০১১

রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র: যন্ত্রপাতি আসবে নদীপথে

রূপপুরে পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি নদীপথে পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর সম্ভাব্য এ দুটি পথের একটি চট্টগ্রাম বন্দর হয়ে, অন্যটি মংলা বন্দর হয়ে। প্রথম পছন্দের তালিকায় রয়েছে মংলা বন্দর। মংলা বন্দর থেকে পশুর নদী, মধুমতী হয়ে পদ্মা হয়ে রূপপুর প্রকল্প স্থানে। এ পথগুলোর সম্ভাব্য নাব্যতার বিষয়ে জরিপ করতে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন। এ প্রকল্পের যন্ত্রপাতি অনেক ভারী বলেই  নদীপথে পরিবহন করতে চাচ্ছে সরকার। এতে পণ্য পরিবহন সহজ হবে, তেমনি খরচও কম হবে। প্রসঙ্গত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে একটি প্রাথমিক চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী, রাশিয়ার সরকারের সহায়তায় রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট স্থাপন করা হবে। প্রতিটি ইউনিট ১ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। চুক্তি অনুযায়ী রাশিয়া পারমাণবিক চুল্লির আজীবন জ্বালানি সরবরাহ করবে ও বর্জ্য (স্পেন্ট ফুয়েল) সেদেশে নিয়ে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরিতে রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনায় রাশিয়া সহায়তা করবে। প্রথমে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রি-এক্টর স্থাপন করা হবে। পরবর্তী ধাপে রূপপুরেই আরো ১ হাজার মেগাওয়াটের একটি রি-এক্টর বসানো হবে।(সূত্র: অনলাইন)