২ মার্চ, ২০১১

আওয়ামী লীগ নেতা ও জেলা প্রশাসকের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না মহাস্থানগড়

বগুড়া জেলা প্রশাসক এবং মহাস্থানগড় মাজার কমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না মহাস্থান গড়ের প্রত্নতত্ত নিদর্শন সমূহ।  জেলা প্রশাসক এবং মমতাজ উদ্দিনকে বাদ দিয়ে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে স্থানীয় দু'সাংবাদিকসহ মাজারের কাস্টডিয়ানকে নিরাপত্তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। এর আগে ২ ফেব্রুয়ারি মহাস্থানগড় রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। তবে ডেইলি স্টারের বগুড়া সংবাদদাতা হাসিবুর রহমান বিলু আজ (বুধবার) আদালতের কাছে অভিযোগ করেন, মহাস্থানগড়ে খনন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় তাকে এবং প্রথম আলোর সাংবাদিক মিলন রহমানকে হয়রানি করা হচ্ছে। জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন তাদের হুমকি দেয়া ছাড়াও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। এ পর্যায়ে আদালত পূর্বের আদেশ সংশোধন করে কমিটির নতুন কাঠামো ঠিক করে দেন। এদিকে কলাম লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ স্বপ্রণোদিত হয়ে এ মামলার বিষয়ে বক্তব্য দিতে চাইলে আদালত তাকে তিরস্কার করেন। এর পূর্বে মহাস্থানগড়ে রাতের আঁধারে নির্মাণ কাজ চলছে বলে দুটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে বগুড়ার ডিসি, এসপি ও মাজার কমিটির সভাপতিকে তলব করে হাইকোর্ট। এ প্রেক্ষিতে তিনজনই ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়েছিলেন। (সূত্র: অনলাইন)