৫ মে, ২০১১

প্রীতিলতার নামে সড়ক

আজ বীরকন্যা প্রীতিলতার জন্মশত বার্ষিকী। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর নামে তার জন্মশত বার্ষিকীর একদিন আগে গত বুধবার যোগাযোগ মন্ত্রণালয় পটিয়ার একটি সড়কের নামকরণ করেছে। এই একটি সড়ক পেতে প্রীতিলতার জন্মস্থান পটিয়ার ধলঘাট গ্রামের মানুষকে দীর্ঘ দুদশক সংগ্রাম করতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে প্রায় একশত বছর। পটিয়া শহীদ আব্দুস সবুর রোডের শেষ সীমানা থেকে বোয়ালখালীর মুকুন্দ রামের হাট পর্যন্ত নতুন নির্মিত সড়কটিকে ‘প্রীতিলতা সড়ক’ হিসেবে নামকরণ করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্ম নেন প্রীতিলতা। চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক ও ঢাকা ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাসের পর প্রীতিলতা দর্শন শাস্ত্র নিয়ে কলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৩২ সালে তিনি চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় অপর্ণাচরণ স্কুলে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে মাস্টার দা সূর্য সেনের সংস্পর্শে আসেন প্রীতিলতা। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে মাস্টারদা সূর্যসেনের নির্দেশে প্রীতিলতা সামরিক পোশাক পরে আরও কয়েকজন বিপ্লবীসহ চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং সফল অপারেশন শেষে ফেরার পথে হঠাৎ একটি গুলি তার পায়ে এসে বিদ্ধ হয়, এতে তিনি গুরুতর আহত হলে, ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় প্রীতিলতা তার সাথে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। (সূত্র: অনলাইন)