উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে ‘শান্তি পদক’ দিয়েছে অস্ট্রেলিয়ার ‘সিডনি পিস ফাউন্ডেশন’। মানবাধিকার রক্ষায় অসামান্য সাহস দেখানোর জন্য তাকে শান্তি স্বর্ণ পদক দিলো সংগঠনটি। মঙ্গলবার লন্ডনের ফ্রন্টলাইন ক্লাবে এ্যাসাঞ্জের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। সংগঠণটির ১৪ বছরের ইতিহাসে চতুর্থ বারের মত এই পুরস্কার দেয়া হলো। সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় শান্তি স্বর্ণ পদক দেয়া হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশের জন্য তার ভূয়সী প্রশংসা করেন ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক স্টুয়ার্ট রেস। সরকারী বিভিন্ন নথি প্রকাশ না করার শতবছরের পুরণো রীতি ভেঙে তিনি যে নজির স্থাপন করেছেন তা জনগণের জানার অধিকার প্রতিষ্ঠায় মাইলফলক বলে মন্তব্য করেন রেস। তিনি বলেন, “আমরা মনে করি, তুমি (এ্যাসাঞ্জ) এবং উইকিলিকস সাংবাদিকতায় তথ্যের স্বাধীনতা নিয়ে এসেছো।” মার্কিন সরকারের মত ‘টোটালিটারিয়ান’ (পরের মত সহ্য করতে না পারা) আচরণের দিকে ধাবিত হওয়ায় অস্ট্রেলিয়ান সরকারের সমালোচনা করেন তিনি।
মার্কিন সরকারে বিবিন্ন গোপন নথি প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনায় চলে আসেন অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান এ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে সুইডেনের এক নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। যুক্তরাজ্যে থাকা এ্যাসাঞ্জকে সুইডেনে বহিসমর্পণ করা নিয়ে সেদেশের আদালতে শুনানি চলছে। (সূত্র: অনলাইন)
