৪ জানুয়ারি, ২০১১

ডাকটিকিটে রবীন্দ্রনাথ

বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ডাকটিকিট প্রকাশ করেছে। প্রায় ২৬টি ডাকটিকিট প্রকাশিত হয়েছে তাকে নিয়ে। ভারতে তাকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ১৯৫২ সালে। আর ওই ডাকটিকিটের দাম ছিল ১২ আনা। কবিগুরুর জন্মশতবার্ষিকী উপলক্ষে  ১৯৬১ সালে ৭ মে ভারত সরকার ১৫ পয়সা দামের একটি ডাক টিকিট ও ফার্স্ট ডে কভার প্রকাশ করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকার বের করে ২০ পয়সার আরও একটি ডাকটিকিট, এতে রবীন্দ্রনাথের ছবি ও বিশ্বভারতীর ছবি রয়েছে। আর্জেন্টিনা ভারতের বাইরে প্রথম কবিকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে ১৯৬১ সালের ১৩ মে। এছাড়া কবির জন্মশতবার্ষিকীতে সাবেক সোভিয়েত রাশিয়া, বুলগেরিয়া, ব্রাজিল, ভিয়েতনাম, ভেনিজুয়েলা রুমেনিয়া, সেন্ট্রাল আফ্রিকা, কোমারো দ্বীপপুঞ্জ ডাকটিকিট প্রকাশ করেছে।সাহিত্যে নোবেলজয়ীদের নিয়ে ক্যামেরুন নোবেল পুরস্কারের ৭৫ বছরে পূর্তিতে একটি মিনিয়েচার শিট বের করে। এই মিনিয়েচার শিটের বাঁ দিকে রয়েছে একটি ডাকটিকিট যাতে রয়েছে কবির ছবি। বাংলাদেশ বিশ্বকবিকে নিয়ে প্রথম ডাকটিকিট বের করে ১৯৯১ সালে তার ৫০তম প্রয়াণবার্ষিকীকে স্মরণ করে। এই ডাকটিকিটে কবির ছবি ও শিলাইদহের কুঠিবাড়ির ছবি রয়েছে। এই টিকিটের দাম করা হয়েছিল ৪ টাকা। ২০০৮-এর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জিপিও একটি ফার্স্ট ডে কভার বের করে, যাতে কবির রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ তার স্বাক্ষরসহ মুদ্রণ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রয়েল মেল বিশ্বকবির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে ১০টি ডাকটিকিট প্রকাশ করেছে। এই ১০ ডাকটিকিটে কবির সঙ্গে আইনস্টাইন, রমাঁ রল্যাঁ, গান্ধীজি, নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে। অন্য একটি ডাকটিকিটে রয়েছে কবি অভিনীত ‘বাল্মীকি প্রতিভার’ একটি দৃশ্যের ছবি। (সূত্র: অনলাইন)