১৫ জানুয়ারি, ২০১১

সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের সাত বছরেও বিচার হয়নি

শনিবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে 'আমরা মানিক সাহার সুহৃদরা' সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়। সমাবেশে আরো বলা হয়, দীর্ঘ সাত বছরেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। বক্তারা সরকারের কাছে দ্রুত মানিক সাহা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সাংবাদিক আশীষ কুমার দে'র সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সেকেন্দার হায়াতের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাংলাদেশ কৃষক সমিতির নির্বাহি সভাপতি এডভোকেট এস এম এ সবুর, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বিএফইউজের একাংশের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, মানবাধিকার কর্মী আমিনুর রসুল বাবুল, সাংবাদিক রাহুল রাহা প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে বক্তারা প্রয়াত মানিক সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মীর্জাপুর এলাকায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় সাংবাদিক মানিক সাহা নিহত হন। তিনি দৈনিক সংবাদ ও নিউ এজ পত্রিকার খুলনা ব্যুরোপ্রধান এবং বিবিসি বাংলা সার্ভিসের খন্ডকালীন সংবাদদাতা ছিলেন। (সূত্র: অনলাইন)