২৪ জানুয়ারি, ২০১১

আজ ৬৯ এর গণ-অভ্যুত্থান দিবস

 ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি তদানীন্তন পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসকের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বায়ান্নর ভাষা আন্দোলন, ৬ দফা, ১১ দফা ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে পথ বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গঠন করা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এতে আন্দোলন আরও জোরদার হয়। ২৪ জানুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিল সচিবালয় এলাকা অতিক্রম করে যাচ্ছিল পল্টনের দিকে। মিছিলে গুলি চালায় পুলিশ। নিহত হন নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমানসহ পাঁচজন। এর পর থেকে দিনটি গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। (সূত্র: অনলাইন)