১৫ জানুয়ারি, ২০১১
উইকিপিডিয়ার এক দশক
আজ থেকে ঠিক এক দশক আগে নির্ভরযোগ্য তথ্য সরবরাহকারী ওয়েবসাইট উইকিপিডিয়ার জন্ম হয়েছিল ১৫ জানুয়ারি। এক সঙ্কটময় সময়ে জন্ম নেয় উইকিপিডিয়া, যা এখন পৃথিবীর সবচে জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ। আজ যে কটি ওয়েবসাইট বিশ্ববাসীর জন্য অপরিহার্য, সেগুলোর মধ্যে নিঃসন্দেহে উইকিপিডিয়া অন্যতম। ১৯৬৮ সালে ওয়াশিংটন রাজ্যে জন্ম নেওয়া আমেরিকান দার্শনিক ল্যারি স্যাঙ্গার তথ্য সম্পাদনার কাজ করতেন ‘ন্যুপিডিয়া’ নামের একটি তথ্যভিত্তিক ওয়েবসাইটে। এদিকে, ১৯৬৬ সালে আলাবামা রাজ্যে জন্ম নেওয়া জিমি ওয়েলস চালাতেন বমিসডটকম নামের একটি অনলাইন পোর্টাল। খরচ তোলার জন্য তিনি বিনোদন ও খেলার খবরের পাশাপাশি ছাপতেন সুন্দরী নারীদের নগ্ন ছবি। এই দুজনের যোগাযোগ হয় অনলাইনে এক দার্শনিক বিতর্কের মধ্য দিয়ে। এরপর ঘনিষ্ঠতা। অনেক আলোচনার পর উইকিপিডিয়ার জন্ম। আদরে ছোট হয়ে নাম হয়েছে উইকি। স্লোগান হলো ‘বিনামূল্যে বিশ্বকোষ, সবাই এর সম্পাদক’। ‘ন্যুপিডিয়া’ ছাড়লেন স্যাঙ্গার আর ওয়েলস ছাড়লেন ‘বমিসডটকম’। এভাবেই তারা হয়ে উঠলেন এই ভার্চুয়াল বিশ্বকোষটির যৌথ-জনক। ওয়েবসাইটটি শুরুতে ইংরেজি ভাষায় হলেও এখন এখানে কাজ হয় ২৬২ ভাষায়। এন্ট্রি রয়েছে ১ কোটি ৭০ লাখের বেশি। প্রতিদিনই এখানে শত শত ভাষায় হাজার হাজার এন্ট্রি যুক্ত হচ্ছে। আর সবই করছেন, পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীরা, কোনো বিনিময়মূল্য ছাড়াই। বিশ্বকোষ বিষয়ে প্রচলিত ধারণা ভেঙ্গে উইকি এখন বিশ্বজুড়ে একটি অপরিহার্য ওয়েবসাইট। (সূত্র: অনলাইন)
