![]() |
| বিএসএফ গুলিকরে হত্যার পর এভাবেই ঝুলিয়ে রাখে ফেলানির লাশ |
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের হত্যার ইস্যু নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা হয়। নিরপরাধ ও নিরস্ত্র বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা সরকারের জন্য ‘বিব্রতকর’ বলে বাংলাদেশ তা বন্ধের দাবিতে জোরালো যুক্তি উপস্থাপন করে। ভারতীয় কর্তৃপক্ষও বাংলাদেশের ‘আবেগ ও যুক্তি’র বিষয়টি ‘বুঝতে’ পেরে সীমান্তে গুলি করে হত্যা না করে বিকল্প অনুসন্ধানে সম্মত হয়। আর এ বিষয়গুলো ‘যৌথ আলোচনার দলিলে’ (জয়েন্ট রেকর্ডস অব ডিসকাসন্স) তুলতেও রাজি হয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকের বিভিন্ন সূত্র থেকে এসব বিষয় জানা গেছে।
এবারের বৈঠকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক জেডব্লিজি’র ১০তম বৈঠক। বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দিন আহমেদ। ভারতের নেতৃত্ব দেন সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উত্তর-পূর্ব) শম্ভু সিং।
যুগ্ম-সচিব পর্যায়ের এ বৈঠক থেকে পাওয়া ‘জয়েন্ট রেকর্ডস অব ডিসকাসন্স’ অনুযায়ী বুধবার স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের এজেন্ডা নির্ধারণ হবে।
রাজধানীর হোটেল শেরাটনে দিনব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার বিকেলে বাংলানিউজকে বলেন, ‘সীমান্ত, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিয়েই মূলত কথা হয়েছে।’
তিনি বলেন, ‘বৈঠকে সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার ব্যাপারে বাংলাদেশের কঠোর মনোভাবের কথা তুলে ধরা হয়েছে।’
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানীর হত্যার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বৈঠকে তুলে ধরা হয়। এছাড়াও নিরস্ত্র ও নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা বন্ধে জোরালো যুক্তি ও দাবি উপস্থাপন করে বাংলাদেশ।
এ প্রসঙ্গে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এসব হত্যার ব্যাপারে সরকার খুবই বিব্রতকর অবস্থায় পড়ে বলেও তাদের জানানো হয়। ভারতীয় পক্ষও স্বীকার করে যে, বিষয়গুলো তাদের জন্যও বিব্রতকর। তারাও এ বিকল্প খুঁজে দেখবে। সীমান্তে নিরাপত্তারক্ষীদের হাতে ‘নন ল্যাথাল উইপন’ দেওয়া যায় কীনা তাও ভেবে দেখতে সম্মত হয়েছে ভারত।’
সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধ করে গুলির বিকল্প অনুসন্ধান করতে সম্মত হয়েছে বলে উল্লেখ করে বাংলাদেশ দলের নেতা আরও বলেন, ‘শুধু তাই নয়, বিষয়টি যৌথ আলোচনার দলিলেও তুলতে রাজি হয়েছে ভারত। এ বিষয়টিও একটি অগ্রগতি।’
বৈঠকে আলোচিত ইস্যু প্রসঙ্গে কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সীমান্তে অপদখলীয় জমি, নিরাপত্তারক্ষা বাহিনীর পারস্পরিক প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি এবং বন্দি বিনিময়ের মতো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘দণ্ডিত বন্দি বিনিময়, ফৌজদারি অপরাধ বিষয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘটিত অপরাধ ও অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধ বিষয়ক গত ১৪ জানুয়ারি থেকে কার্যকর হওয়া তিনটি চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।’
এক প্রশ্নের জবাবে কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘শুধু অনুপ চেটিয়া নয়, দুই দেশেই একে অপরের দণ্ডিত বন্দি নাগরিকদের বিনিময় নিয়ে কথা হয়েছে। সেই হিসেবে অনুপ চেটিয়াও তো তাদের মধ্যে পড়ে। তবে কারও নাম উল্লেখ করে কোনো আলোচনা হয়নি।’
বৈঠকে বাংলাদেশকে নেতৃত্ব দানকারী কামাল উদ্দিন আহমেদ জানান, বুধবার সকালে ‘যৌথ আলোচনার দলিলে’ পূর্ব সম্মতি সাপেক্ষে উভয় পক্ষ স্বাক্ষর করবে।
শম্ভু সিং ছাড়াও ভারতের পক্ষে বৈঠকে অংশ নেন দেশটির সন্ত্রাসদমন বিষয়ক বিশেষ ইউনিট ‘মাল্টি এজেন্সি সেন্টার’র যুগ্ম পরিচালক অশোক প্রসাদ, গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের যুগ্ম পরিচালক অলোক কুমার পাতেরিয়া, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আইজি (অপারেশন্স) হেমন্ত দেশাই, মাদক নিয়ন্ত্রণ দপ্তরের আঞ্চলিক পরিচালক সঞ্জয় কুমার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এল কে তেওয়ারি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (বাংলাদেশ) সমিতা পান্ত এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (উত্তর-পূর্ব) অজয় কানৌজা এবং ঢাকার ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য ও কাউন্সেলর (রাজনৈতিক) এম সুব্রানাইডু।
বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মাশফি বিনতে শামস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিক উল্লাহ ভূঁইয়া, উপসচিব আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, উপসচিব শফিকুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া) মেহেদী হাসান, বিজিবি’র জিএসও-১ লে. কর্নেল নাসিমুল আলম, পুলিশের এআইজি ফজলুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ওয়াহিদুল বারী, পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের পরিচালক সিরাজুদ্দিন এবং ভূমি রেকর্ডস ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক এবিএম ফজলুর রহমান। (সূত্র: বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম) আরো জানতে : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e04a9a2d51029f73f5c3b7a085de91ee&nttl=2011011825763
