১৩ অক্টোবর, ২০১০

ফুলের বিপক্ষে

তারেক মাহমুদ

অনেকদিন পরে আজ তোমার সঙ্গে কথা হলো সেলফোনে
শুনলাম, মানে বললে  ভালো নেই তুমি
কি জানি কি কারনে হঠাৎ কি মনে হলো তোমার, তাই বললে
‘তোমার কথায় ভীষন মায়া লাগছে আজ, আসো না
কতোদিন তোমাকে দেখিনা, খুব দেখতে ইচ্ছে করছে আসো না প্লিজ’

তোমার কথা শুনে আমিও যেনো কেমন হয়ে গেলাম
ভীষন সারপ্রাইজড হলাম
মানে আমার প্রতি তোমার কণ্ঠস্বর এতোটা মোলায়েম হতে পারে!

আমি অনেকক্ষণ চুপ

আবার বললে ‘আসছো তো’
বললাম ‘কি আনবো তোমার জন্য’
বললে ‘শিউলি ফুলের মালা। ভীষন গন্ধ পেতে ইচ্ছে করছে’

এইবার আমি অন্যরকম হয়ে গেলাম

বললাম ‘ফুলের প্রতি আমার সকল বিশ্বাস উঠে গেছে
আমি জেনে গেছি ফুলের সৌন্দর্য আর পবিত্রতা খুবই ক্ষণস্থায়ী
আমি এখন ফুলের প্রতি চেয়ে থাকি না, ছুঁয়েও দেখি না’

নানা যুক্তি তর্কের পর
তুমি ফুলের পক্ষে অনঢ় থাকলে
আর আমি ফুলের বিপক্ষে দৃঢ়

আর এসবের মাঝে আমাদের দেখাদেখির করার প্রসঙ্গটি
এক খন্ড ইটের টুকরো যেমন পুকুরে ডুবে যায়
ঠিক সেভাবেই টুপ করে ডুবে গেলো

৩১.০৩.২০১০ সাউন্ডপিকচার, মালিবাগ।