যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ ট্যাক্সিক্যাবে প্রায় ৩৫ কোটি টাকার ডায়মন্ড পেয়েও সেটা মালিকের কাছে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশী এক যুবক জাহিদ হোসেন। এ ঘটনা ঘটেছে বুধবার বিকেলে নিউইয়র্কের ব্যস্ততম শহর ম্যানহাটানে।
জাহিদ হোসেন জানান, ঐদিন এক আমেরিকান মহিলা তার ট্যাক্সিতে ওঠেন। তার হাতে দুটি ব্যাগ ছিল। তাড়াহুড়া করে নেমে যাওয়ার সময় তিনি একটি ব্যাগ ফেলে যান। পরে ব্যাগটি খুলে জাহিদ মালিকের ফোন নম্বর পায়। সেখানে ফোন করে ব্যাগটি ফিরিয়ে দেন তিনি। ২০০৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ডায়মন্ড যাত্রীর কাছে ফিরিয়ে দিয়ে সততার অতুলনীয় নজির সৃষ্টি করেছিলেন আরেক বাংলাদেশী ক্যাবচালক ওসমান চৌধুরী। বগুড়ার সন্তান ওসমান চৌধুরী নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক। শরিয়তপুরের সন্তান জাহিদ হোসেন প্রায় ৫০ হাজার ডলার মূল্যের ডায়মন্ড ফিরিয়ে দিলেন।
এক প্রশ্নের জবাবে জাহিদ বলেন, ধর্ম ও পারিবারিক ঐতিহ্য থেকে আমি শিখেছি অন্যের মালামালের প্রতি লোভ করতে নেই। এটা পাপ। আমি এটা ফেরত দিতে পেরে স্বস্তিবোধ করছি।
