কলকাতার আন্তর্জাতিক বইমেলায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার বাংলাদেশ সময় ১০ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দ বাজারে প্রকাশিত
এক সংবাদে বলা হয়, আগুনে তেমন কোনো ক্ষতি না হলেও ভষ্মীভূত হয়েছে একটি কফি
স্টল।
শনিবার সকালে বইমেলায় ২৩২ নম্বর স্টলের উল্টো দিকের
একটি কফি শপ খেকে ধোঁয়া বেরতে দেখেন নিরাপত্তারক্ষীরা। পুলিশ ও
দমকলবাহিনীকে খবর দেন তাঁরা। মিলনমেলাতেই বইমেলার জন্য দমকলের একটি অস্থায়ী
ক্যাম্প করা হয়েছে। সেখান থেকে দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
পাঁচ মিনিটের চেষ্টায় সম্পূর্ণ নিভে যায় আগুন। কফির দোকানটি পুড়ে ছাই হয়ে
গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের আর একটি স্টলও। তবে বইয়ের স্টলগুলি
নিরাপদে আছে। শক সার্কিট না কি অন্য কিছু, কী কারণে আগুন লেগেছিল তা এখনও
স্পষ্ট নয়।
বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় অবশ্য
বলেছেন, ‘মাঠে নতুন পার্কিং লটের কাছে একটি কফির দোকানে আগুন লেগেছিল। তবে
মিনিট পাঁচেকের চেষ্টাতেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বইমেলা সম্পূর্ণ
স্বাভাবিক রয়েছে।’
