ফেইসবুকে আপনার বন্ধুর সংখ্যা
হয়তো কয়েকশ’, তবে এদের মধ্যে গড়ে সর্বোচ্চ ৪ জন থাকতে পারেন যারা আসলেই বন্ধু
হিসেবে নির্ভরযোগ্য ।
ফেইসবুকে অনেক বন্ধু আছে আর
বাস্তব জীবনে বেশি বন্ধু এমন ব্যক্তিদের মধ্যে কোনো যোগসূত্র আছে নাকি তা খুঁজে
বের করতে মাঠে নেমেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক রবিন
ডানবার। আর তার গবেষণা থেকেই মিলেছে ওই তথ্য।
ডানবারের গবেষণায় যারা অংশ
নিয়েছিলেন তাদের সবারই ফেইসবুক বন্ধুর সংখ্যা ছিল কম-বেশি দেড়শ’। এর মধ্যে ফেইসবুক
বন্ধুদের প্রতি সত্যিকার সমবেদনা দেখিয়েছেন মোটে ১৪ জন।
ফ্রেন্ডলিস্টে থাকা মানুষের
মধ্যে ২৭ শতাংশকে বন্ধু হিসেবে বিবেচনা করেন গবেষণায় অংশগ্রহনকারীরা। বাস্তবজীবনের
সঙ্গে হয়তো গবেষণার ডেটা অনেক ক্ষেত্রেই মিলে যাবে। তবে ফেইসবুকে কারও সঙ্গে যে
ভুয়া বন্ধুত্ব গড়ে তোলা সহজ, গবেষকরা সেদিকটাতেই ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে
ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
এ প্রসঙ্গে প্রফেসর ডানবারের
মতামত, “এটা অন্তত এমন ইঙ্গিত করে যে, বাস্তবে বন্ধুত্ব ধরে রাখার জন্য হয়তো মাঝে
মাঝে হলেও মুখোমুখী দেখা করা প্রয়োজন।”
গবেষকরা জানিয়েছেন, ফেইসবুকের
বন্ধুদের কয়েক ভাগে ভাগ করতে দেখা গেছে গবেষণায় অংশগ্রহনকারীদের। খুব কাছের বন্ধু
হিসেবে চিহ্নিত করা হয়েছে সর্বোচ্চ ৪ থেকে ৫ জনকে। বাকিদের ভাগ করা হয়েছে আরও
কয়েকটি দলে। আর ফেইসবুকে ‘বন্ধুত্বের দুরত্ব’ যত বেড়েছে, ততই বেড়েছে ওই বন্ধুদের
সংখ্যা।