মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় প্রায় চুরাশি বছর বয়সী ভাষা সৈনিক শিল্পী ইমদাদ হোসেনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশ কিছুদিন ধরে রোগে ভুগলেও গত ২৩ শে অক্টোবর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে 'বারডেম' হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর পরিবারের সদস্য ও স্বজনরা।
অধ্যাপক ডা. খাজা নাজিমুদ্দিনের তত্ত্ববধানে বর্তমানে হাসপাতালটির ১২০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ইমদাদ হোসেনের অবস্থা নিয়ে আশাবাদী নন চিকিৎসকরাও। ২৪ তারিখে প্রচণ্ড শ্বাসকষ্ট, কাঁশি এবং বমি নিয়ে এই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি মারাত্মক নিউমোনিয়ায় ভুগছেন।
ইমদাদ হোসেনের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা নেই বলে জানিয়েছে তার পরিবার। এদিকে, এই হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন না তুললেও সেবার সার্বিক মান নিয়ে সন্তুষ্ট মনে হয়নি তার পরিবারের সদস্যদের। উন্নত চিকিৎসার জন্য এ ভাষা সৈনিককে বিদেশে নিয়ে যেতে চান কি না এমন এক প্রশ্নের জবাবে তার বড় ছেলে অপু হোসেন বলেন, "আমরা মনে করি সর্বাত্মক চেষ্টা করলে দেশেই তার উন্নত চিকিৎসা সম্ভব।"
