২ নভেম্বর, ২০১০

‘রহমান: দ্য ফাদার অফ নেশন’ বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র

  আমি চাই রাসেল ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগদান করবে। কারণ ও মুক্তিযোদ্ধাদের ভালোবাসে-এভাবেই জাপানের প্রখ্যাত চলচ্চিত্রকার নাগিসা অসিমাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাগিসা অসিমা ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বাংলাদেশে
অবস্থান করে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ও নানা কর্মকাণ্ডের ওপর মোট ১২টি ভিডিওচিত্র নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র সংগ্রহকারী প্রতিষ্ঠান আর্কাইভ সেভেন্টিওয়ান এসব ভিডিওচিত্রের ৮টি সংগ্রহ করেছে।
৩০ মিনিট ব্যাপ্তির সাক্ষাৎকারভিত্তিক এই প্রামাণ্যচিত্রটিতে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক উঠে এসেছে।  ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে এদেশের মানুষ কেমন করে তাঁকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছে। বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের নাশতার টেবিলের আড্ডাসহ ছোট্ট শিশু শেখ রাসেলের পিতার প্রতি ভালোবাসা, শেখ মুজিবের রাজনৈতিক দর্শনসহ অনেক কিছুই উপস্থাপিত করা হয়েছে এ প্রামাণ্যচিত্রে।