৭ নভেম্বর, ২০১০

দেশে প্রথম ক্যাবল কার চালু হচ্ছে

 দেশে এই প্রথম ক্যাবল কার চালু হচ্ছে বান্দরবানের পর্যটন স্পট মেঘলায়| প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে আধা কিলোমিটারের এ ক্যাবল কার নির্মাণ করা হয়েছে| এর ফলে বান্দরবানের পর্যটন শিল্প আরো একধাপ এগিয়ে গেল। এ নতুন সংযোজনে চলতি মৌসুমে ওই পর্যটন অঞ্চলটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা| এ কারে চড়ে মেঘলার এপাড় থেকে ওপাড়ে যেতে পারবে পর্যটকরা| বান্দরবান শহরের অদূরে মেঘলায় রয়েছে দুটি ঝুলন্ত সেতু| যা দেশের অন্য কোথাও নেই| এখানে আরো রয়েছে মিনি সাফারি পার্ক, শিশু পার্ক, প্রাকৃতিক লেক, চিড়িয়াখানা, চা বাগানসহ পর্যটকের মন ভোলানো সব দর্শনীয় স্থান| এছাড়া, শহর থেকে ৩ কিলোমিটার দূরে নীলাচল পর্যটন স্পট যেখানে পাহাড়ের সাথে আকাশের মিতালি| দেশি-বিদেশি যে কোনো পর্যটক স্পটটিতে গিয়ে মুগ্ধ হবেন|
শহরের ৪ কিলোমিটার দূরে বালাঘাটায় অবস্থিত বৌদ্ধ ধর্মালম্বীদের তীর্থস্থান বৌদ্ধ ধাতু স্বর্ণাজাদি পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা| এখানে রয়েছে মারমা, ত্রিপুরা, মুরং, বম, তঞ্চঙ্গ্যা, খুমি, খেয়াং, পাঙ্খো, চাকমা, চাক, লুসাইসহ ১৩টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস| দেশের অন্য কোনো জেলায় এতো আদিবাসীর বসত নেই| আদিবাসীদের বৈচিত্র্যময় ভাষা, সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি যে কোনো পর্যটকের নজর কাড়বে| (সূত্র: ইন্টারনেট)