১৫ নভেম্বর, ২০১০

আজ পয়লা অগ্রহায়ণ: নবান্ন উৎসব

আজ পয়লা অগ্রহায়ণ।‘এসো মিলি সব নবান্ন উৎসবে’ স্লোগান সামনে রেখে জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদযাপিত হচ্ছে বাঙালির অস্তিত্বের উৎসব নবান্ন । এবারে কেরানীগঞ্জের ১২ কিষান-কিষানি এ উৎসবের উদ্বোধন করেন। সকাল সাড়ে ৯টায় চারুকলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। টিএসসির সড়ক দ্বীপ প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আবার চারুকলায় ফিরে আসে। কৃষকের গোলায় উঠবে নতুন ধান। নতুন চালের ভাতের সঙ্গে চিড়া, খই-মুড়ি-মুড়কি আর পিঠা-পায়েস আপ্যায়নের মধ্যদিয়ে উৎসবে মেতে উঠবে কিষান-কিষানি। বাঙ্গালীর ঐহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নবান্ন উৎসব। গ্রামবাংলার আহবমান সংস্কৃতির সঙ্গে শহরের মানুষের আত্মিক সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রতিবছর আয়োজন করা হয় নবান্ন উৎসব। ১৪০৬ সাল থেকে এ উৎসব পালন করে আসছে আয়োজক সংগঠন। হেমন্তের স্নিগ্ধ সকালের আলোয় দোতারা, ঢোল আর বাঁশির সুরে শুরু হয় উৎসব। সকাল ৭টা থেকে শুরু হওয়া উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।  (সূত্র: ইন্টারনেট)