কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনার জন্যই ইতালির 'হাউস অব গ্লাডিয়েটরস' স্থাপনা ধসেছে বলে সরকারের সমালোচনা করেছে প্রত্নতাত্ত্বিক, বিশ্লেষক ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতারা।
ইতালির পোম্পেই'র দুই হাজার বছর আগের এ স্থাপনাটির অংশবিশেষ শনিবার ভোরে ধসে পড়ে।
কয়েকজন বিশ্লেষক বলেছেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া এ স্থাপনা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেওয়া উচিত। কারণ স্থাপনাটি রক্ষা করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ইতালির 'লা স্টামপা' পত্রিকা সরকারের সমালোচনামূলক প্রতিবেদনের শিরোনামে বলেছে, "পোম্পেই ধস লজ্জার পরিচায়ক।"
ধারণা করা হয় গ্লাডিয়েটররা যুদ্ধে যাওয়ার আগে এখানে সমবেত হয়ে প্রশিক্ষণ নিতেন।
৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয় গ্লাডিয়েটরদের এ ভবনটি।
১৮ শতকে স্থাপনাটি আবিস্কৃত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলে সংস্কার করা হয় সেটির। স্থাপনাটি রাষ্ট্রীয়ভাবে ল্যাটিন নাম 'স্কোলা আর্মাটুরারাম জুভেন্টাস প্রোম্পেইয়ানি' বলেই পরিচিত।
সামরিক নানা বিষয়কে অবলম্বন করে স্থাপনাটির দেয়ালে চিত্র আঁকা রয়েছে।
প্রতিবছর প্রায় ২৫ লাখ দর্শণার্থী ইতালির সবচেয়ে আকর্ষণীয় এ স্থাপনাটি দেখতে যান।
দর্শণার্থীদের স্থাপনাটির ভিতরে যাওয়ার অনুমতি নেই। বাইরের রাস্তা থেকে সেটি ঘুরে দেখতে হয়। (সূত্র: ইন্টারনেট)
