১২ নভেম্বর, ২০১০

সূচির মুক্তির আদেশে সামরিক জান্তা স্বাক্ষর করেছেন

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সূচির মুক্তির আদেশে সামরিক জান্তা স্বাক্ষর করেছেন। তবে তিনি কখন মুক্তি পাবেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। শনিবার তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কূটনৈতিক মহলের তৎপরতায় আজ রাতেই তিনি মুক্তি পেতে পারেন। এদিকে সূচি  মুক্তি পাচ্ছেন- এ খবরে তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা তার বাস ভবনের সামনে আনন্দ মিছিল করছে। এরই মধ্যে নেতাকর্মীরা সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। সূচি মুক্তি পাওয়ার পর প্রথমে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বসবেন।  শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষ সূ চিকে মুক্তি দেবে- এটা নিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা বলেন, পরিকল্পনা অনুযায়ী সূচি অবশ্যই মুক্তি পাবেন। আমরা শুধু তার মুক্তির সময়টির জন্য অপেক্ষা করছি।
সূচির আইনজীবী নিয়ান উইন বলেন, তারা এখনও সূচির মুক্তির নিশ্চয়তা পাননি।  তিনি বলেন, আইন অনুযায়ী সরকার তার শাস্তির মেয়াদ আর বাড়াতে পারে না।
এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, শর্তসাপেক্ষে সূচিকে মুক্তি দেওয়া হতে পারে। তবে কোন শর্তে সূচি মুক্ত হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সামরিক জান্তা থান স রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ করবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে এনএলডি বিপুল ভোটে বিজয়ী হয়। কিন্তু জান্তা সরকার তার হাতে ক্ষমতা হস্তান্তর না করে তাকে গৃহবন্দি করে। গত বছরের আগস্টে আইন ভেঙ্গে এক মার্কন নাগরিক তার সঙ্গে দেখা করায় গৃহবন্দির মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়।