যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের বাংলাভাষীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দেওয়া এক বিবৃতিতে ‘শুভ নববর্ষ’ উল্লেখ করে বাংলাভাষীদের অভিনন্দন জানানো হয়। বাংলা নববর্ষের ওই বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেন, ‘ প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন জনগণের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্বের বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাচ্ছি।’ নতুন বছরে বাঙালিদের জন্য শুভকামনাও জানান হিলারি। তিনি বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালির উন্নত ইতিহাস ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাঙালি শিল্পী, বিজ্ঞানী, রাজনীতিক ও উদ্যোক্তারা আমেরিকান সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখছেন।’ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরা নববর্ষের দিনটিতে পরিবারের সদস্যদের নিয়ে নববর্ষ উদযাপন করবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। শান্তিময় ও উন্নত বিশ্ব গড়তে বাঙালিদের পাশে যুক্তরাষ্ট্র সবসময় থাকবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। (সূত্র: বাংলানিউজ টুইয়েন্টিফোর ডটকম)
