তারেক মাহমুদ
বেইলী রোডের নাটক পাড়ায়
সকাল দুপুর সন্ধে
নাকের ডগায় সুবাস ভাসে
বেলী ফুলের গন্ধে
সাদা রঙের বেলী ফুল
আরো সাদা গন্ধ তার
প্রেমিক দিলো তার প্রিয়াকে
বলে প্রেমিক কি চাই আর
নাহ, এইবার পতন হলো ছন্দের
বেলী ফুল ম্লান হলো, জয় হলো মন্দের
সেইসব জরাজীর্ন হাড় কিটকিটে কিশোর কিশোরী
যারা ফেরী করে বিক্রি করছে বেলী ফুলের মালা দু’টাকায়
যাদের জীবন হতে পারতো বেলী ফুলের মতো
সাদা, গন্ধময়, সজীব
তারা বেলী ফুল নিয়ে মানুষের কাছে যাচ্ছে
বেলী ফুল ঝুলে আছে একটি শুকনো কাঠিতে
যেনো এই শুকনো কাঠির মতোই
বেলী ফুল বহণকারীদের জীবন
এই বেলী ফুল তাদের মা বাবা ভাত কাপড় সব
তাদের নির্মীলিত চোখ
তাদের মলিন মুখ
একটি কাঠির মধ্যে ধরে রাখা বেলী ফুল নিয়ে
যখন তারা মানুষের কাছে যায়
তখন আমি আর সাদা রঙের গন্ধময় বেলী ফুল দেখি না
দেখি বেলী ফুল ধরে রাখা সেই কিশোর কিশোরীকে
মনে হয় তারাই আসল বেলী ফুল
তারা ঝরে যাচ্ছে
তারা শুকিয়ে যাচ্ছে
আমরা এইসব ফুলগুলোকে বাঁচাতে পারছি না
২২.০৫.২০০৯ শান্তিনগর, গভীর রাত।