২৮ অক্টোবর, ২০১০

ইন্টারনেট রাতে ৩ ঘণ্টা বিচ্ছিন্ন থাকতে পারে

 বাংলাদেশ বিশ্ব টেলি ও ইন্টারনেট যোগাযোগ থেকে বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টার জন্য বিচ্ছিন্ন থাকতে পারে । বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন এ কথা জানান। সাবমেরিন ক্যাবল মেরামতের জন্য রাত ১টা থেকে ৪টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য টেলি ও ইন্টারনেট যোগাযোগ সমস্যায় পড়বে বাংলাদেশ। মালয়েশিয়ার ল্যান্ডিং স্টেশন মালাকা থেকে ৩১৬ কিলোমিটার দূরে থাইল্যান্ডের সাতুনের দিকে দুটো রিপিটার প্রতিস্থাপন করা হবে। সাবমেরিন ক্যাবল কোম্পানি সিম-উ-ফোর এ দুটি রিপিটার প্রতিস্থাপন করবে।
এজন্য পাওয়ার কনফিগারেশ করতে সেগম্যান্ট ওয়ানে (সিঙ্গাপুর থেকে মুম্বাই পর্যন্ত) সবকটি স্টেশন রাত ১টা থেকে পরবর্তী ৩ ঘণ্টা বন্ধ থাকবে। এতে মধ্যরাতে টেলিকম ও ইন্টারনেট যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে বাংলাদেশ।
তবে, সংযোগ বিচ্ছিন্ন থাকাকালীন বাংলাদেশে খুব একটা সমস্যা হবে না। এ সময় এমনিতেই ট্রাফিকিং কম থাকে। তবুও বিকল্প ব্যবস্থা ও নতুন ব্যান্ডউইথ সংযোগের মাধ্যমে ভয়েস ও ইন্টারনেট সার্কিটগুলো চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য ইতালি থেকে প্রয়োজনীয় ব্যান্ডউইথ আনা হয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুরের সাথে ভারতের চেন্নাই হয়ে ভারতীয় এয়ারটেলের নিজস্ব সাবমেরিন ক্যাবল আই-টু-আইয়ের সাথে সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ নিজেদের ব্যাকআপ হিসেবে রাখছে বিটিসিএলের চারটি স্যাটেলাইট ও ম্যাংগো টেলিসার্ভিসেসের ভি-স্যাটগুলো। এছাড়া এসময় লাইসেন্সধারী ভি স্যাটগুলো সচল থাকবে।