নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে নূর হোসেন দিবস। দিবসটি পালনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে পুষ্পমাল্য অর্পণ করে।
১৯৮৭ সালের এই দিনে স্বৈরশাসক এইচএম এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন পেশায় অটোরিক্সা চালক যুবলীগ কর্মী নূর হোসেন। সেদিন নূর হোসেন নিজের বুকে-পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন। স্বৈরাচার সরকার গুলি চালিয়ে বিদীর্ণ করেছিল তার বুক।
নূর হোসেনের আত্মত্যাগের ফলে বারুদের মতো জ্বলে উঠেছিল স্বৈরাচারবিরোধী আন্দোলন। পতন হয়েছিল সামরিক স্বৈরাচার এরশাদের। সেই থেকে ১০ নভেম্বর নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তার আত্মত্যাগের স্মারক হিসেবে জিরো পয়েন্টের নামকরণ করা হয় নূর হোসেন চত্ত্বর। তার আত্মত্যাগের মাধ্যমে তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের কাছে গণতন্ত্রের প্রতীকে পরিণত হন।
