স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ মুম্বাই পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো মুম্বাইকে। শহরটির তাজ হোটেলে পরিবারসহ উঠছেন ওবামা। বেশ কিছু পরিকল্পনা নিয়ে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার মধ্যাহ্নভোজের পর ওবামা ভারতীয় পার্লামেন্টে বক্তৃতা দিতে যাবেন রাজধানী নয়াদিল্লীতে।
বারাক ওবামার এ সফরে মুম্বাই অবস্থানকালে মার্কিন কর্তৃপক্ষ প্রতিদিনের জন্য খরচের বাজেট ধরেছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এ বিপুল পরিমাণ অর্থ নিরাপত্তাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে খরচ করা হবে। গোয়েন্দা সংস্থার এজেন্ট, মার্কিন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রায় ৩ হাজার সফরসঙ্গী থাকবে ওবামার সফরসঙ্গী হিসেবে।
ওবামার অবস্থানকালে নৌ ও বিমানবাহিনী মুম্বাইয়ের উপকূল ও আকাশসীমায় টহল দেবে। এছাড়া, হোটেল তাজের আশপাশের এলাকায় তখন শক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
৭ নভেম্বর প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রেসিডেন্ট ওবামার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করবেন। এতে অতিথি থাকবেন মাত্র ২৫ জন। এদের মধ্যে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম অন্যতম। অন্যান্য মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে থাকবেন সালমান খুরশিদ, পৃথ্বীরাজ চৌহান এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্তেক সিং আহলুওয়ালিয়া।
প্রসঙ্গত, ওবামার এ সফরে প্রতিরক্ষা বিষয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বড় ধরনের কয়েকটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১২৬টি উচ্চ প্রযুক্তির ফাইটার জেট কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এ সফরে। (সূত্র: ইন্টারনেট)
