৫ নভেম্বর, ২০১০

"গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আলোচনার বাইরে থাকবে না," বললেন রুশনারা

  বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা পাঁচ দিনের সফরে শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, "দুর্ভাগ্যজনকভাবে, সরকার (ব্রিটেনের) জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রত্যাশা অনুযায়ী আলোচনা করছে না।" জলবায়ু পরিবর্তন ইস্যুকে ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি সদস্য রুশনারা আলী।
সফরকালে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের গ্রামীণ জীবনযাত্রার টেকসই উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) 'প্রতীকী জলবায়ু আদালতে' সাক্ষ্য গ্রহণ পর্যবেক্ষণ করবেন। ৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আদালত বসবে। প্রতীকী জলবায়ু আদালতে বাংলাদেশে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের সাক্ষ্য নেওয়া হবে।
ব্রিটিশ পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য রুশনার তার সরকারের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী দুই বছর পর্যন্ত সহায়তা না বাড়ানোর সিদ্ধান্তের প্রতি রুষ্ঠ মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, "কার্বন নিঃসরণ ঠেকাতে যুক্তরাজ্য লেবার পার্টির নেতৃত্বে বিশ্বের প্রথম জলবায়ু পরিবর্তন আইন প্রণয়ন করেছে।"
"গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আলোচনার বাইরে থাকবে না," বলেন রুশনারা।
রুশনারা বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য আমার অবস্থানকে কাজে লাগানোর চেষ্টা করে যাবো।"
"এ ক্ষেত্রে ধনী ও উন্নত দেশগুলোর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রয়োজন", বলেন তিনি।
রুশনারা পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ব্রিটেনের হাউজ অব কমন্স এর সদস্য নির্বাচিত হন।
রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। তিনি রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।