৮ নভেম্বর, ২০১০

সিউলের রাস্তায় রাস্তায় বিক্ষোভ জি-২০ সম্মেলনের বিরুদ্ধে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শণ করছে । রোববার বিক্ষোভকারীদের সংখ্যা প্রায় ২০ থেকে ৪০ হাজার ছিলো বলে জানিয়েছে বিবিসি।  বিক্ষোভকারীরা সরকার ও পুঁজিবাদী দেশগুলোর বিরুদ্ধে শ্লোগান দেয়।
তারা সম্মেলন শেষে  স্বাক্ষর হতে যাওয়া সিউল ও ওয়াশিংটনের মধ্যে মুক্ত বানিজ্য চুক্তিরও তীব্র বিরোধীতা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করেছে। এদিকে এ সম্মেলনকে কেন্দ্র করে সিউলে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এন্টি এয়ারক্রাফট মিসাইল ও মেশিনগানে সজ্জিত হয়ে ইতিমধ্যেই সেনা সদস্যরা সম্মেলন ভবনের আশেপাশে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে প্রায় ৫০ হাজার পুলিশ। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতিকে লেভেল থ্রি সিকিউরিটি এল্যার্ট ঘোষনা করেছে। সিউল কর্তৃপক্ষ বলছে উত্তর কোরিয়া ভিত্তিক বিভিন্ন কমিউনিস্ট গ্রুপ হামলা চালাতে পারে বলে তাদের কাছে খবর আছে। তাই সরকার এ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শুরু হওয়া জি২০ সম্মেলনে সারা বিশ্বের প্রায় ১০ হাজার প্রতিনিধি ও ৩২টি দেশের সরকার প্রধানসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন। (সূত্র: ইন্টারনেট)