৮ নভেম্বর, ২০১০

আবারো সাংবাদিক পিটিয়েছে ছাত্রলীগ

 দফায় দফায় সাংবাদিকদের গায়ে হাত উঠাচ্ছে ছাত্রলীগ/যুবলীগ/কৃষকলীগ/আওয়ামীলীগ। বিগত জোট সরকারের সময় সাংবাদিক পিটিয়েছিলো তারা, এর ফলাফল শুভ হয়নি। দেশবাসি নিশ্চয় তা প্রত্যক্ষ করেছেন। আবারো একই কর্মকান্ড চালাচ্ছে বর্তমান মহাজোট সরকারের আশির্বাদপুষ্ট দলীয় ছিচকে নেতারা। গতকাল রাত সাড়ে ৯টায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের গায়ে হাত উঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- তাওহিদুল ইসলাম (নিউ এজ),
শাকিল (রেডিও এবিসি), মনির মোমতাজ (সাপ্তাহিক ২০০০), সিফাতুল ইসলাম (যমুনা টেলিভিশন), সাব্বির (চ্যানেল আই)। জানা গেছে, টিএসসি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের এক ছাত্রী রাত সাড়ে ৯টার দিকে রোকেয়া হলে যাচ্ছিলেন। এ সময় কবি জসিমউদ্দিন হলের ছাত্রলীগ কর্মী রুমী, রোবায়েত, সোহেল রানা, মহিদুল ইসলামসহ বেশ কয়েকজন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রী মোবাইলের মাধ্যমে তার সাংবাদিক বন্ধুদের ডাকলে তারা এসে বিষয়টি মীমাংসা করে দিতে চায়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক রূপকও উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ওই কর্মীরা উপস্থিত সাংবাদিকদের বেধড়ক পিটিয়ে আহত করে। পরে কবি জসিমউদ্দিন হলের সাধারণ সম্পাদক কাজী এনায়েত গ্রুপের আরো কিছু কর্মী এসে হকিস্টিক, লাঠি ও রড দিয়ে তাদের দ্বিতীয় দফা পেটায়। এতে ৫ সাংবাদিক আহত হয়। এদের মধ্যে তাওহিদুল ইসলাম ও শাকিল গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  (সূত্র: ইন্টারনেট)