রাজশাহীর বাঘায় প্রাচীন আমলের পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে। উপজেলার বাউসা মাঝপাড়া গ্রামের বিষ্ট বাজারের পাশে পুরাকীর্তির খবর পেয়ে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমাচ্ছেন।
জমির মালিক মানিকুজ্জামান মান্নান কালু ও আব্দুল হান্নান লালু জানান, সমতল ওই জমি থেকে মাটি কাটার সময় ১০ ফুট নীচে প্রাচীন আমলের পুরাকীর্তির সন্ধান মেলে। শ্রমিকেরা এর সন্ধান পেয়ে তাদের খবর দেন। তারা বলেন, গুপ্তধন থাকতে পারে এমন আশংকায় রাতের আঁধারে কে বা কাহারা মাটি খুড়ে কিছু ইট খুলে নিয়ে গেছে। আশেপাশের মাটি খুড়ে অন্য দেয়ালের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। শ্রমিক বাক্কার ও মুরদা জানান, গত বুধবার মাটি কাটতে কাটতে ১৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ১০ ইঞ্চি প্রস্তের পুরাতন একটি দেয়াল দেখতে পান। ইট গুলো দেখতে টালি আকৃতির। ১০ ফুট গভীরে খোঁড়া গর্তের দুই দিকে মাটির নীচে ইটের দেওয়ালের অস্তিত্ব রয়েছে। গর্তটির চারকোনে ছোট আকারের একটি দেয়ালের মাথা বের হয়েছে। প্রধান অংশ মাটির ভেতরে রয়েছে বলে তারা ধারণা করেছেন।
সরেজমিনে শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুরাকীর্তি দেখতে এসেছেন জোতরঘু গ্রাসের নুর মহম্মদ, পিরগাছা গ্রামের আনারুল, হেদাতী পাড়া গ্রামের লোকমান হাকিমসহ অনেকেই। এসময় কথা হয় গ্রামের শত বছর বয়সী লোকমান হাকিম ও নজির প্রামানিক এর সঙ্গে। তারা জানান, ছোট বেলায় তারা দেখেছেন ওই স্থান জঙ্গলাকীর্ন ছিল। পাশে বিশু খন্দকারের ছেলে বয়েজ ডাক্তারের কাঁচা বাড়ি ছিলো। সন্ধান পাওয়া পুরাকীর্তিটি মোঘল আমলের ধ্বংসাবশেষ হতে পারে বলে তারা মনে করেন।
বাউসা ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মলিন জানান, সন্ধান পাওয়া পুরাকীর্তির ধবংসাবশেষ প্রত্নতত্ব নিদর্শন হতে পারে, তাই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। প্রত্নতত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক বদরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটি পাল আমলের হতে পারে। তবে না দেখে সঠিক কিছুই বলা যাবেনা| (সূত্র: আন্টারনেট)
