জঙ্গিবাদী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির (হুজি) সদস্যদের নতুন রাজনৈতিক দল গঠনে সমর্থন দিয়েছিলো বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) এমন এক তথ্য উইকিলিকস ফাঁস করে দিয়েছে। বিডি নিউজ টুইন্টিফোর ডটকমে প্রকাশিত এক সংবাদে এমন তথ্য পাওয়া গেছে। ২০০৮ সালের অক্টোবর-নভেম্বর মাসে সংসদ নির্বাচনের আগে ডিজিএফআই'র তৎকালীন নেতৃত্ব এ রকম তৎপরতা চালিয়েছিলো বলে মার্কিন নথিতে লেখা রয়েছে। নথিতে বাংলাদেশের মার্কিন স্থাপনায় হামলার হুমকিতে ভয় পাওয়ার কথাও উল্লেখ আছে।
সেই সময়কার নথিতে বলা হয়েছে, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি) সদ্য আত্মপ্রকাশ করা একটি দল। ইসলামি জঙ্গি গোষ্ঠী হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) এর জ্যেষ্ঠ সদস্যরা নতুন এই দল গঠন করে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) হুজি-বিকে মূলধারার রাজনীতিতে নিয়ে আসার লক্ষ্যে আইডিপি গঠনে সমর্থন দেয় এবং এর কর্মকাণ্ড তীক্ষভাবে পর্যবেক্ষণ করে। ঢাকায় মার্কিন দূতাবাস আইডিপি গঠনের জোর বিরোধিতা করে। দূতাবাসের আশঙ্কা ছিলো, এই দলটি মার্কিন মিশন ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে। সন্ত্রাসী তৎপরতা পরিচালনা ও এর প্রতি সমর্থন দেওয়ার ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে হুজি-বি তার একটি রাজনৈতিক শাখা গঠনের সর্বাত্মক চেষ্টা করছিলো। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেপ্টেম্বরের শেষ দিকে এক পর্যবেক্ষণ প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে যে, এই দল গঠন করে উগ্রপন্থীরা একটি মধ্যপন্থী সংগঠনের লেবাসে সহজেই জঙ্গি তৎপরতা চালিয়ে যেতে সক্ষম হবে। 'দুই নেত্রীকেই নির্বাচনে চেয়েছিলো যুক্তরাষ্ট্র', যুক্তরাজ্যে মুসলমানদের বৃদ্ধি: 'ভ্র" কুঞ্চিত যুক্তরাষ্ট্রের', জঙ্গি অর্থায়ন: 'বাংলাদেশের তদন্তে ভরসা রাখেনি যুক্তরাষ্ট্র', শান্তিরক্ষায় বাংলাদেশ: 'নজরে ছিলো যুক্তরাষ্ট্রের' বাংলাদেশ সম্পর্কে এমনি আরো গোপন নথি প্রকাশ করেছে ইউকিলিকস। (সুত্র ও তথ্য: অনলাইন ভিত্তিক প্রথম শ্রেণীর পত্রিকা বিডি নিউজ টুইন্টিফোর ডটকম)
