২০ ডিসেম্বর, ২০১০
হাসপাতালের মেঝেতে চলছে মোশরেফা মিশুর চিকিৎসা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেডেরও ব্যবস্থা হয়নি গার্মেন্টস শ্রমিক নেত্রী মোশরেফা মিশুর। মেঝেতে রেখেই পুলিশি হেফাজতে চিকিৎসা হচ্ছে তার। মিশুর পারিবারের সদস্যদের অভিযোগ, পর পর দুই দফা রিমান্ডের পর মিশু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ঠাণ্ডা জ্বর ও অ্যাজমায় ভোগা মিশুকে এরই মধ্যে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতির আশঙ্কা করছেন তারা। মিশুর ছোট বোন জেবুন্নেসা বাংলানিউজকে জানান, আদালত চত্বর থেকেই অসুস্থ মিশুকে প্রথমে ন্যাশনাল হাসপাতালে এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৯ টায় মিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ‘ঠাণ্ডার কারণে অ্যাজমায় ভুগছেন মিশু। তার চিকিৎসা চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৩ ডিসেম্বর গভীর রাতে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভানেত্রী মোশরেফা মিশুকে তার কলাবাগানের ৫১/২ নর্থ রোডের বাসা থেকে গ্রেপ্তার করে। (সূত্র: অনলাইন)
