১৯ ডিসেম্বর, ২০১০
ড. ইউনূসকে আদালতে হাজিরের নির্দেশ
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ১৮ জানুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার ময়মনসিংহের ১নং আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ এ নির্দেশ দেন। ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করে। এখানে আদর্শের কোন ব্যাপার নেই। তার এ মন্তব্যর পরদিন ১৮ জানুয়ারি সকল দৈনিক পত্রিকা ও মিডিয়ায় তা প্রচারিত হয়। রাজনীতিবিদদের বিরুদ্ধে এ উক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আদালত এ নির্দেশ দেয়। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু অশালীন মন্তব্যের জন্যে ওই বছরের ২১ জানুয়ারি মানহানি মামলা দায়ের করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের বিরুদ্ধে। ওই মামলার শুনানি শেষে রোববার এ আদেশ দেন বিচারক। (সূত্র: অনলাইন)
