কণ্ঠশিল্পী ও সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণ এর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে শুরু হবে দু'দিনব্যাপী শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কুমিল্লায় শচীন দেববর্মণের পরিত্যক্ত বাড়িটিকে সরকারি নিয়ন্ত্রণে এনে শচীন দেববর্মণ স্মৃতি সংরক্ষণশালা ও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সাংস্কৃতিক সংগঠন 'বহ্নিশিখা' আয়োজন করছে দু'দিনব্যাপী 'শচীন দেববর্মণ এ সঙ্গীত উৎসব'। এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। এতে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা শচীন দেবের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন। একই সঙ্গে উৎসবে শচীন দেবের জনপ্রিয় গানের সঙ্গে নৃত্যও পরিবেশন করবেন দু' দেশের নৃত্যশিল্পীরা। (সূত্র: অনলাইন)
