অবশেষে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যবস্থাপনা পরিচালকের পদ ফিরে পাওয়ার জন্য ভোলায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ওই মোনাজাতে ড. ইউনুসের দীর্ঘায়ু কামনা করা হয়। ভোলা জেলায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রামীন ব্যাংকের ৫৮টি শাখায় একযোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের ভোলা জেলার এরিয়া ম্যানেজার শফিকুর রহমান, জোনাল ম্যানেজার বাবুল সাহা, অডিট অফিসার শাহাদাত হোসেন ও সদরের আলীনগর শাখা ব্যবস্থাপক উত্তম কুমার বসু তাদের স্ব স্ব কার্যালয়ের বিশেষ মোনাজাতের সময় উপস্থিত ছিলেন। এছাড়াও ভোলা জোনের ৫২টি শাখা, ৪টি এরিয়া, ১টি অডিট ও ১টি জোনাল অফিসের প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব কার্যালয়ে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন। ব্যাংকের আলীনগর শাখায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীনগর মসজিদের ঈমাম মাওলানা মোঃ ছিদ্দিক। আলীনগর শাখার শাখা ব্যাবস্থাপক উত্তম কুমার বসু জানান, ভোলার জোনের সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার দীর্ঘায়ু কামনা, ব্যবস্থাপনা পরিচালকের পদে পুনর্বহাল ও গ্রামীণ ব্যাংকের সার্বিক মঙ্গল কামনা করা হয়। (সূত্র: অনলাইন)
