পোশাক শ্রমিক সংগঠনের নেত্রী মোশরেফা মিশু বৃহস্পতিবার জামিনে ছাড়া পেয়েছেন, ঐ দিন দুপুরে তার কাস্টডি ওয়ারেন্ট তুলে নেয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি মুক্তি পান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত ছিলেন। গত ১৩ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিশুকে গ্রেফতার করে। হঠাৎ মিশু অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মিশুকে কাফরুল থানার একটি ও খিলক্ষেত থানার ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এজাহারগুলোতে মিশুর বিরুদ্ধে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগ আনা হয়। পরে তিনটি মামলায় পর্যায়ক্রমে জামিন দেয় আদালত। সর্বশেষ জামিন পান গত বুধবার কাফরুল থানার মামলায়। (সূত্র: অনলাইন)
