১৭ এপ্রিল, ২০১১

গাছ চিন্তা করে, মনেও রাখে

গাছেরও যে অনুভূতি আছে, স্পর্শে সাড়া দেয় এই তথ্যটি আবিষ্কার করেছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় পোল্যান্ডের গবেষকরা জানিয়েছেন যে, গাছ চিন্তা করতে এবং মনে রাখতেও পারে। খবর বিবিসি অনলাইনের। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলোর মধ্যে থাকা তথ্য মনে রাখে এবং চিন্তা করে গাছ। আলোর তীব্রতা এবং ধরণ বিষয়ের তথ্য গাছের এক পাতা থেকে আরেক পাতায় একই পথে স্থানান্তরিত হয়। আর এই পদ্ধতি মানুষের স্নায়ুতন্ত্রের মতোই। গবেষকরা জানিয়েছেন, আলোর ‘ইলেকট্রো কেমিক্যাল সিগন্যালস’ কোষের মাধ্যমে পরিবাহিত হয়। আর এই কোষগুলোই গাছের স্নায়ু হিসেবে কাজ করে। গবেষকরা ফ্লুরোসেন্স ইমেজিং ব্যবহার করে পর্যবেক্ষণ করেছেন, গাছ সাড়াও দেয়। গাছের যে কোনো একটি পাতায় আলো পড়লেই পুরো গাছটিই সাড়া দেয়। আর এই সাড়া দেবার প্রক্রিয়াটির ফলে, রাসায়নিক পরিবর্তন ঘটে। আর এতে আলো সরিয়ে অন্ধকার করা হলেও এ প্রক্রিয়া চলতে থাকে।গবেষকরা জানিয়েছেন, আলোয় সৃষ্ট এ প্রক্রিয়াটি অন্ধকারেও চলে, কারণ পুরো প্রক্রিয়াটিই গাছের স্মরণ থাকে বলেই। আলোয় যে তথ্য এনকোডেড করে রাখে সেটিই অন্ধকারে মনে রেখে কাজ চালাতে পারে গাছ।গবেষকরা জানিয়েছেন, গাছের গোড়াতে আলো ফেলে দেখেছেন গাছের উপরের অংশেও কাজ চলে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গাছের নার্ভাস সিস্টেম নিয়ে গবেষণা করছেন পোল্যান্ডের ওয়ারশ ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স এর গবেষক স্টেনিসল কারপিনাস্কি। তিনি গবেষণার বিষয়টি জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রাগে অনুষ্ঠিত সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি-এর বার্ষিক সভায়। (সূত্র: অনলাইন)