৫ অক্টোবর, ২০১১

ব্লগার লিনা বেন মেহেন্নি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

তিউনিসিয়ার ব্লগার লিনা বেন মেহেন্নি  ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ‘এ তিউনিসিয়ান গার্ল’ নামে তার ব্লগটি তিউনিসিয়ার জেসমিন বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখায় নোবেল কমিটি এ মনোনয়ন দিয়েছেন। ২০১০ সালের ৯ জানুয়ারি তিউনিসিয়ার রেগেব ও সিদিবুজিদ অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের ছবি ব্লগে প্রকাশ করে লিনা বেন মেহেন্নি। তিনি সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন তার ব্লগে। আরবি, ফরাসি ও ইংরেজি ভাষায় তিনি তার ব্লগ পোস্ট করতেন। সেই সময় ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জয়নাল আবদিন বেন আলী, বিক্ষোভের মুখে পরে ক্ষমতাচ্যুত হয়ে সৌদি আরবে পালিয়ে যান এই প্রেসিডেন্ট। লিনা বেন মেহেন্নি বলেন সব নিপীড়িত মানুষের কণ্ঠ উর্ধ্বে তুলে ধরার অঙ্গীকার তার। তিনি বলেন, ‘তিউনিসিয়ায় বিক্ষোভ চলার সময় আমাকে হন্যে হয়ে খুঁজছিল সরকার। তবে আমি বাস্তব পরিস্থিতি টুইটার, ফেসবুকের মাধ্যমে গোটা বিশ্বকে দেখানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’২৭ বছর বয়সী লিনা বেন মেহেন্নি ইংরেজি ভাষার অধ্যাপক। গত বছর এপ্রিলে তিনি বেস্ট ইন্টারন্যাশনাল ব্লগারের পুরস্কার পান। (সূত্র: অনলাইন)